পূজা মানেই আনন্দ, খাওয়া-দাওয়া এবং বিশেষত ইলিশ মাছ। বাংলার উৎসবের অন্যতম আকর্ষণ এই পদ্মার ইলিশ। কিন্তু এবারের পূজায় ভারতে বাংলাদেশ থেকে ইলিশ পাওয়া যাবে কি না, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে বাংলার ইলিশ চেয়ে ভারতের ফিশ ইমপোর্টার অ্যাসোসিয়েশন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে চিঠি দিয়েছে।


বুধবার (১১ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভারতে বাংলাদেশের ইলিশ আসতে শুরু করে। কিন্তু এবারে সেই নিয়মের প্রতি নিশ্চিততা নেই। এ অবস্থায়, ফিশ ইমপোর্টার অ্যাসোসিয়েশন ইলিশ রপ্তানির জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছে।


হিন্দুস্তান টাইমস জানায়, গত পাঁচ বছর ধরে বাংলাদেশ থেকে নিয়মিত ইলিশ আমদানি হচ্ছে। এবারও সেই রীতি মেনে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করা হয়েছে।


বাংলার পাশাপাশি ত্রিপুরা ও আসামেও বাংলাদেশের ইলিশ চলে। বছরের অধিকাংশ সময় এপার বাংলার মানুষ বাংলাদেশের ইলিশের জন্য অপেক্ষায় থাকেন। পূজায় বাংলাদেশের ইলিশ থাকলে উৎসব আরো আনন্দময় হয়ে ওঠে। গত বছর ১,৩০০ টন ইলিশ বাংলাদেশ থেকে এসেছিল। তবে এবারে কতটুকু ইলিশ আসবে বা আদৌ আসবে কিনা তা নিয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। দাম যতই হোক, অনেকেই বাংলাদেশের ইলিশ কিনে থাকেন, কারণ তাদের কাছে এটি ছাড়া উৎসব অসম্পূর্ণ মনে হয়। যারা শেকড় ছেড়ে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন, তাদের কাছে পদ্মার ইলিশ যেন কিছুক্ষণের জন্য পুরনো স্মৃতির অনুভূতি বয়ে আনে।


প্রতিবেদনে আরও বলা হয়েছে, পদ্মার ইলিশ এপারে এলে মৎস্য ব্যবসায়ীরাও খুশি হন, কারণ এই ইলিশ বিক্রি করে ভালো লাভ হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে গোটা বিষয়টি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।