মাঠের পারফরম্যান্স ও বাইরের নানা সমস্যার কারণে সাকিবকে একাদশ থেকে বাদ দেওয়ার বিষয়টি সামনে এসেছে। এম এ চিদাম্বরম স্টেডিয়ামের প্রেস বক্সে চেন্নাই টেস্ট হারের পর অধিনায়ক নাজমুল হাসান এই প্রশ্নের সম্মুখীন হন।
বাংলাদেশ থেকে সিরিজ কাভার করতে আসা সাংবাদিকের প্রশ্ন শুনে নাজমুল কিছুক্ষণ চিন্তা করে হেসে বলেন, “খুব সাহসী প্রশ্ন! মাশাআল্লাহ!” এরপর তিনি সাকিবের বাইরের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে বলেন, “অধিনায়ক হিসেবে আমি দেখছি কে কতটা পরিশ্রম করছে এবং কামব্যাকের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। দলের প্রতি তাদের ইন্টেনশন কেমন, এসব বিষয় খেয়াল রাখি। আমি দেখতে চাই ওই ক্রিকেটার দলকে দেওয়ার জন্য কতটা প্রস্তুত।”
তিনি আরও বলেন, “এটি শুধু সাকিবের বিষয় নয়। নাহিদ রানা থেকে শুরু করে মুশফিক ভাই—সবাইকে আমি একভাবে মূল্যায়ন করি। রান করা বা না করার চেয়ে তাদের প্রস্তুতি এবং দলের প্রতি চিন্তাভাবনা বেশি গুরুত্বপূর্ণ। আমি ১৫-১৬ জন ক্রিকেটারের পারফরম্যান্সে খুশি।”
সাকিবের চোখের সমস্যা ও ব্যাটিংয়ের সময় আঙুলে আঘাত পাওয়ার ব্যাপারেও প্রশ্ন করা হলে নাজমুল আলোচনাটিকে দলের সামগ্রিক পারফরম্যান্সের দিকে নিয়ে যান। তিনি বলেন, “আঙুলে টেপ পেঁচানো হয়েছে, কারণ বল লেগেছিল এবং ব্লিডিংও হয়েছিল। আমি নির্দিষ্ট কারও পারফরম্যান্স নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি না, কারণ ক্রিকেট একটি দলীয় খেলা। পুরো দলের অবদানেই ম্যাচ জেতা সম্ভব। আমরা যদি সবাই মিলেই অবদান রাখতাম, তাহলে ভালো কিছু হতে পারত। তাই আমি ব্যক্তিগত কাউকে নিয়ে চিন্তিত নই।”

0 Comments