অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র সব কমিটি ও কার্যক্রম স্থগিত করার ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানানো হয়। ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’ গত বছরের ৪ অক্টোবর আত্মপ্রকাশ করে।


অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম ছিলেন সংগঠনের সদস্য সচিব, এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক। 


‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র ৩১ সদস্যের কমিটির অনেকেই বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ-সমন্বয়ক পদে রয়েছেন। সংগঠনটির নেতৃত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন জানান, সংগঠনটির কার্যক্রম ইতোমধ্যে স্থগিত করা হয়েছে।


এমন সময়ে ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র কার্যক্রম স্থগিত করা হয়েছে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু করেছে। 


শুক্রবার, শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীসহ সব ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। 


সমাবেশে একজন শিক্ষার্থী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আট বা নয় দফার একটি ছিল ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি। কিন্তু এখন অনেকেই সেই দাবি নিয়ে ঘুরিয়ে-ফিরিয়ে কথা বলছেন এবং কিছু সমন্বয়ক ছাত্র রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছেন। তারা এ পরিবর্তন মেনে নেবেন না।


উল্লেখ্য, আগামী ২২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার কথা ছিল, তবে শিক্ষার্থীরা জানিয়েছেন যে, ক্যাম্পাস থেকে রাজনীতি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না।