২০২২ সালে গাড়ি দুর্ঘটনায় পড়ার পর এই প্রথম টেস্ট দলে ফিরেছেন ভারতের উইকেটকিপার ও মিডলঅর্ডার ব্যাটসম্যান রিশাভ পন্ত। বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচের সিরিজের প্রথম ম্যাচের জন্য ভারতীয় দলে তার পুনরায় অন্তর্ভুক্তির ঘোষণা করা হয়েছে।
এই দলে রিশাভ পন্তের ফেরার পাশাপাশি টেস্টে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন পেসার যশ দয়াল। মূলত, যশ দয়ালকে টেস্টে লম্বা রেসের ঘোড়া হিসেবেই বিবেচনা করা হচ্ছে। চলতি বছরে শেষভাগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের জন্য তাকে প্রস্তুতি হিসেবে এই সিরিজের সুযোগ দেওয়া হচ্ছে। বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচে যশ দয়াল সুযোগ পেলেও অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামীর নাম বাদ পড়েছে ভারতীয় টেস্ট দল থেকে, যদিও তার গোড়ালির চোট সেরে উঠেছে।
চেন্নাই টেস্টের জন্য ১৬ সদস্যের ভারতীয় দলে ফিরেছেন কে এল রাহুলও। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের পর ইনজুরির কারণে আর খেলা সম্ভব হয়নি তার। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে অভিষিক্ত পেসার আকাশ দ্বীপও বাংলাদেশ সিরিজে সুযোগ পেয়েছেন। বেঙ্গালুরুতে দুলিপ ট্রফির একটি ম্যাচে ৯ উইকেট নিয়ে দারুণ ফর্ম দেখিয়েছেন তিনি।
বাংলাদেশ সিরিজে ভারতের দ্বিতীয় উইকেটকিপার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ধ্রুব জুরেল। ইংল্যান্ড সিরিজে ১৯০ রান করার মাধ্যমে নজর কেড়েছেন তিনি। ইংল্যান্ড সিরিজে খেলতে থাকা রজত পাতিধর, কেএস ভারত, দেবদূত পাডিক্যাল, ওয়াসিংটন সুন্দর এবং পেসার মুকেশ কুমার এবার বাংলাদেশ সিরিজের দলে সুযোগ পাননি।
পেস বোলিং আক্রমণের নেতৃত্বে থাকছেন জাসপ্রিত বুমরা এবং মোহাম্মদ সিরাজ। স্পিন বিভাগে কোনও পরিবর্তন নেই; রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং কুলদ্বীপ যাদব যথারীতি থাকছেন।
চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর। কানপুরে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টেম্বর। টেস্ট সিরিজ শেষে দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে।
ভারত দল (প্রথম টেস্টের জন্য): রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী যশওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, রিশাভ পন্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ, জাসপ্রিত বুমরা এবং যশ দয়াল।

0 Comments