শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন যে, সংবিধান অনুযায়ী তিনি এখনও দেশের ‘বৈধ প্রধানমন্ত্রী’ হিসেবেই বহাল রয়েছেন। এই দাবি সম্পর্কিত একটি ফোনালাপ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।


শেখ হাসিনার দাবি, তিনি দেশ ছাড়ার আগে পদত্যাগ করতে চেয়েছিলেন। কিন্তু নিরাপত্তাজনিত কারণে গণভবন থেকে সরে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেননি।


এ বিষয়ে জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা মিস রিজওয়ানা হাসান গণমাধ্যমকে বলেন, “তিনি যদি নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দাবি করেন, তা হবে না। ভারত থেকে অবস্থানরত শেখ হাসিনা বাংলাদেশের বিষয় নিয়ে আবেদন করতে পারবেন না। রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে তিনি সেখানে নেই। তাই তার বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা নেই।”


ভাইরাল হওয়া ফোনালাপে ২০ মিনিট ৫৯ সেকেন্ড ধরে শেখ হাসিনার সঙ্গে বেলজিয়াম থেকে আসা একটি আওয়ামী লীগ নেতার কথোপকথন শোনা যায়। ওই নেতা নিজেকে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দাবি করেছেন এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে লবিস্ট হিসেবে কাজ করেন।


ফোনালাপে শেখ হাসিনা ৫ আগস্টের ঘটনা উল্লেখ করে বলেন, সেদিন গণভবন ঘেরাও করা হয়েছিল এমনভাবে যে তাঁর নিরাপত্তারক্ষীরা গুলি চালালে সবাই মারা যেত। তিনি আরও দাবি করেন, লাশ ফেলে ক্ষমতায় থাকতে চাননি এবং নিরাপত্তার কারণে গণভবন থেকে সরে যেতে বাধ্য হন। এ কারণে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেননি, ফলে তার পদত্যাগ হয়নি এবং তিনি এখনও সংবিধান অনুযায়ী বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী।


শেখ হাসিনা বলেন, তিনি ৫ আগস্ট জাতির উদ্দেশে ভাষণ দিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে চেয়েছিলেন। তাঁর দাবি, “সংসদীয় গণতন্ত্রের সিস্টেম অনুযায়ী, পদত্যাগ করার পর সংখ্যাগরিষ্ঠদের মতামতের ভিত্তিতে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তবেই তিনি হতে পারেন। প্রধানমন্ত্রীকে সংসদ ভেঙে দেওয়ার জন্য অনুরোধ করতে হবে। আমি তো পদত্যাগ করি নাই। আমাদের সংবিধানের ৫৭ অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগ করতে হয়, আমার সেইভাবে পদত্যাগ করা হয়নি।”


শেখ হাসিনা দাবি করেন, তার পদত্যাগের ভুয়া ছবি প্রচার করা হচ্ছে। তিনি বলেন, “ছবিটি একটি মোটা বইয়ের অংশ, এমন বইয়ে প্রধানমন্ত্রী পদত্যাগ করেন না। আমার পদত্যাগের চিঠি কারো কাছে নেই। গণভবনে আগুন দেওয়া হয়েছে, লুটপাট হয়েছে, সেইসব নথি হারিয়ে গেছে।”


তিনি আরও দাবি করেন, বর্তমান আওয়ামী লীগ নেতা-কর্মীদের হত্যা করা হচ্ছে। উদাহরণস্বরূপ, ইডেন কলেজ ছাত্রলীগের এক সদস্যকে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, “এ সমস্ত হত্যাকাণ্ডের দায়িত্ব প্রধান উপদেষ্টার নিতে হবে।”


শেখ হাসিনা জানান, ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে হত্যাকাণ্ড হয়নি, আন্দোলনকারীদের মধ্যে কিলিং এজেন্ট ছিল। তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনের বক্তব্য উল্লেখ করে বলেন, “উপদেষ্টা সাখাওয়াত সাহেব বলেছেন, এ বুলেট পুলিশের কাছে থাকে না। তার মানে, সাধারণ লোকের কাছে অস্ত্র ছিল। আজ পর্যন্ত বুলেটের তদন্ত হয়নি, অস্ত্র কে ব্যবহার করেছে তার কোনো তদন্ত নেই।”