কিলিয়ান এমবাপ্পেকে সতর্ক করে দিলেন তার আইডল ক্রিস্টিয়ানো রোনালদো। পিএসজি এবং রিয়াল মাদ্রিদের মধ্যে খেলার চাপ যে এক নয়, সেটা এমবাপ্পেকে মনে করিয়ে দিয়েছেন তিনি। তবে, রোনালদো মনে করেন যে লা লিগার কঠিন পরিবেশ সত্ত্বেও এমবাপ্পে সেখানে ভালো করবেন।


বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার এমবাপ্পে। অনেক নাটকীয়তা ও দীর্ঘ চেষ্টার পর গত দলবদলে নিজের পছন্দের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন তিনি। এর আগে ফরাসি ক্লাব পিএসজিতে ৭ মৌসুম খেলেছেন এবং সেখানে ৩০৮ ম্যাচে ২৫৬ গোল করার পাশাপাশি ১০৮ অ্যাসিস্ট করেছেন। পিএসজিতে তার স্কোর করা ছিল অনেকটা সহজ হয়ে গিয়েছিল। কিন্তু রিয়ালে যোগ দেয়ার পর তার পারফরম্যান্স কিছুটা ম্লান হয়েছে। লা লিগায় অভিষেকের পর প্রথম তিন ম্যাচেই গোলের দেখা পাননি এবং সতীর্থদের গোলেও সহায়তা করতে পারেননি। তবে, চতুর্থ ম্যাচে তিনি গোলের দেখা পান এবং রিয়াল বেটিসের বিপক্ষে জোড়া গোল করেন।


সাবেক রিয়াল তারকা রোনালদো এমবাপ্পেকে সতর্ক করে বলেছেন যে পিএসজি এবং রিয়াল মাদ্রিদে খেলার চাপ এক নয়। তবে, তিনি বিশ্বাস করেন যে এমবাপ্পে যত কঠিনই হোক, রিয়ালে ভালো করবেন।


রোনালদো, যিনি সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা রিও ফার্দিনান্দকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, "আপনাকে মনে রাখতে হবে, রিয়াল মাদ্রিদ পিএসজির মতো নয়। কিলিয়ান এমবাপ্পে পিএসজিতে যে চাপ অনুভব করেছিল, রিয়াল মাদ্রিদে তা ভিন্ন। এখানকার পরিবেশ আলাদা। কিন্তু আমি বিশ্বাস করি, সে এখানে ভালো করবে।"


রোনালদো রিয়ালের সুসংহত কাঠামো উল্লেখ করে এমবাপ্পে সফলভাবে মানিয়ে নিতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, "তাদের একজন দুর্দান্ত কোচ (কার্লো আনচেলত্তি) এবং সভাপতি, ফ্লোরেন্তিনো (পেরেজ) রয়েছেন, যিনি বহু বছর ধরে আছেন। যেহেতু এমবাপ্পের প্রতিভা রয়েছে, আমি মনে করি তার জন্য মানিয়ে নেয়া খুব একটা সমস্যা হবে না।"


রোনালদো ২০২৩ সালে আল নাসরে যোগ দেয়ার আগে ৯ মৌসুম রিয়ালের হয়ে খেলেছেন এবং চারবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। তার পাঁচটি ব্যালন ডি'অরের চারটি রিয়াল মাদ্রিদে থাকাকালীন।


এমবাপ্পে খুব শিগগিরই ব্যালন ডি’অর জিতবে বলে বিশ্বাস রোনালদোর। তিনি পরবর্তী ব্যালন ডি’অর জয়ীর তালিকায় এমবাপ্পে ছাড়া আর্লিং হলান্ড, জুড বেলিংহ্যাম এবং লামিন ইয়ামালকে উল্লেখ করেছেন।


তবে, এমবাপ্পে যোগ দেয়ার পর রিয়াল আগের চেয়ে শক্তিশালী হবে কি না সে বিষয়ে রোনালদো নিশ্চিত নন। তিনি বলেন, "আপনি যদি জানতে চান, মাদ্রিদ আরও ভালো হবে কি না, আমরা জানি না। এমবাপ্পে এখন সেখানে আছে, আমি মনে করি মাদ্রিদ শক্তিশালী থাকবে, কিন্তু তারা গত বছরের চেয়ে শক্তিশালী হবে কি না, সেটা শুধু সৃষ্টিকর্তা জানেন।"