বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজা এবং তার বাবা গোলাম মোর্ত্তজা স্বপনসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেন শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্র-জনতাকে দমন করতে মাশরাফী ও তার বাবার নেতৃত্বে আসামিরা ৪ আগস্ট দুপুর আড়াইটার দিকে রামদা, ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার রডসহ দেশীয় অস্ত্রের পাশাপাশি শর্টগান, বন্দুক-পিস্তল ও বোমা নিয়ে নড়াইল চৌরাস্তা এলাকায় সমাবেশ করে। সমাবেশ চৌরাস্তা থেকে চিত্রা নদীর ওপর রাসেল সেতুর পূর্বপাড় পর্যন্ত বিস্তৃত ছিল। ওই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা এবং শান্তিপ্রিয় জনতা স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে মিছিল নিয়ে শহরের দিকে আসছিল।
রাসেল সেতুর কাছাকাছি পৌঁছানোর পর, মাশরাফী ও তার বাবার নেতৃত্বে আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। রামদা, ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার রড দিয়ে হামলার পাশাপাশি শর্টগান ও পিস্তল থেকে গুলিবর্ষণ করা হয় এবং বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ইট-পাটকেল বৃষ্টির মতো নিক্ষেপ করা হয়।
এই হামলায় বহু আন্দোলনকারী গুরুতর আহত হন, যার মধ্যে অনেকেই পঙ্গু অবস্থায় রয়েছেন এবং এখনও চিকিৎসাধীন।

0 Comments